শিরোনাম

প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তায় ভারত-আমিরাতের চুক্তি

সিটিজেন ডেস্ক
প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তায় ভারত-আমিরাতের চুক্তি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

আবুধাবি ও নয়াদিল্লির মধ্যকার কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিরক্ষা, জ্বালানি ও অবকাঠামোসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে ঐতিহাসিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (১৫ মে) আবুধাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। ৫ দেশ সফরের প্রথম ধাপে বর্তমানে আমিরাতে অবস্থান করছেন মোদি, যা দুই দেশের অর্থনৈতিক ও সামরিক অংশীদারত্বে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করা হচ্ছে।

২ দেশের শীর্ষ নেতার বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল ভারত-আমিরাত কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বের কাঠামো সংক্রান্ত সমঝোতা। এ চুক্তির ফলে দেশ দুটির মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আরও নিবিড় হবে এবং যৌথ মহড়া ও প্রযুক্তি বিনিময়ে গতি আসবে। জ্বালানি নিরাপত্তার প্রশ্নেও দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার অঙ্গীকার করেছে। কৌশলগত পেট্রোলিয়াম মজুত এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের বিষয়ে সই হওয়া দুটি পৃথক সমঝোতা স্মারক উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্কের ভিত্তি আরও মজবুত করবে।

অর্থনৈতিক ক্ষেত্রে বড় চমক হিসেবে ভারতের অবকাঠামো খাত এবং আর্থিক প্রতিষ্ঠানে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ বিশাল বিনিয়োগের একটি অংশ ভারতের আরবিএল ব্যাংক (RBL Bank) এবং সাম্মান ক্যাপিটালে (Samman Capital) যুক্ত হবে। পাশাপাশি সামুদ্রিক অবকাঠামো ও শিল্প সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামত শিল্পকেন্দ্র গড়ে তোলার বিষয়েও উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছে।

দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক ভূ-রাজনীতি ও নিরাপত্তা ইস্যুগুলোও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বৈঠকে। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যেকোনো উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়ে বলেন, কঠিন পরিস্থিতিতে আমিরাতের ধৈর্যশীল ভূমিকা প্রশংসার দাবিদার। অতীতে আমিরাতের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়ে মোদি পুনরায় আশ্বস্ত করেন, ভারত সর্বদা আমিরাতের পাশে রয়েছে। এছাড়া আমিরাতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়কে পরিবারের সদস্যের মতো আগলে রাখায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সূত্র:
দ্য ইকোনোমিক টাইমস 

/এমএকে/