শিরোনাম

আবাহনীকে হারিয়েই শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক
আবাহনীকে হারিয়েই শিরোপা জিতলো বসুন্ধরা কিংস
ষষ্ঠবার লিগ শিরোপা জিতলো বসুন্ধরা কিংস। ফাইল ছবি

এক রাউন্ড বাকি থাকতে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শিরোপা জিততে বসুন্ধরা কিংসের দরকার ছিল জয়। শুক্রবার (১৫ মে) বসুন্ধরার সামনে ছিল আবাহনী, হার এড়ালে আকাশী-নীল জার্সি ধারীরা লিগ শিরোপার লড়াই শেষ রাউন্ড পর্যন্ত নিতে পারতো। তবে বসুন্ধরা কিংস ২-০ তে আবাহনীকে হারিয়েই ২০২৫-২৬ মৌসুমে লিগ শিরোপা উৎসবে মেতেছে।

গত মৌসুমে মোহামেডানের কাছে লিগ শিরোপা হারিয়েছিল বসুন্ধরা কিংস। এবার ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা ফিরে পেলো দলটি। এদিকে ফর্টিস এফসি ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেলেছে। দুই দলেরই সংগ্রহ এখন সমান ৩৪।

এ নিয়ে লিগের ষষ্ঠ শিরোপা জিতলো তারা; স্পর্শ করলো আবাহনীকে।

এই মৌসুমে বসুন্ধরা কিংসের ফুটবলাররা ঠিকঠাক বেতন পাননি। লিগের মাঝপথে দায়িত্ব ছেড়ে চলে যান আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ। বকেয়া না পেয়ে খেলা বন্ধ করে দেন দুই বিদেশি ফুটবলার। দেশীয়দেরও ক্ষোভ ছিল। তবু এক মৌসুম পর লিগ শিরোপা জিতলো বসুন্ধরা কিংস।

আবাহনী-বসুন্ধরা ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৭২ মিনিটে কিংসকে পেনাল্টি উপহার দেন আসাদুজ্জামান বাবলু। দোরিয়েলতনের থ্রু পাস নিয়ে বক্সে ঢুকছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। ট্যাকলে তাকে ফেলে দেন বাবলু। বেজে ওঠে পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে দোরিয়েলতন ডান পায়ের শটে মিতুল মারমাকে পরাস্ত করেন।

এর পাঁচ মিনিট পর সোহেল রানা জুনিয়রের কাছ থেকে পাস পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে সোহেল রানা সিনিয়র বাঁ-পায়ের শটে গোল করেন।

/টিই/