শিরোনাম

কোরবানি ঘিরে চাঁদাবাজি বন্ধে হটলাইন নম্বরে ফোন দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
কোরবানি ঘিরে চাঁদাবাজি বন্ধে হটলাইন নম্বরে ফোন দেওয়ার আহ্বান
কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কোরবানিকে ঘিরে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে ১৬৬১১৩ হটলাইন নম্বরে ফোন দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে।’

তিনি জানান, এ বছর রাজধানীতে মোট ২৬টি পশুর হাট বসবে। তার মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে।

সভায় বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে। এছাড়া ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, মানুষের নিরাপত্তার জন্য তাদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।’

/এফআর/