শিরোনাম

মাদকসেবনে জড়িত পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মাদকসেবনে জড়িত পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি
রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: পুলিশ সদর দপ্তর

পুলিশ বাহিনীর সদস্যদের মাদক সেবন বা মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। কারও বিরুদ্ধে এ ধরনের প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদকসেবনে জড়িত পুলিশ সদস্যদের ছাড় নয় 2

আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এরইমধ্যে মাদক ব্যবসায় জড়িত পুলিশের যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পুরস্কার শুধু স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের প্রতিফলন। এই অর্জন পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যারা সম্মাননা পেয়েছেন, তারা আগামী দিনে আরও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ তৈরি করবেন।

/এফসি/