শিরোনাম

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

সিটিজেন ডেস্ক
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

ভারতের আসামে রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনসহ এনডিএ-র বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র খানাপাড়া এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। যান চলাচল নিয়ন্ত্রণে গ্রহণ করা হয় বিকল্প পথ ও বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, আসামে এটি টানা তৃতীয় এনডিএ সরকার এবং শর্মা রাজ্যের প্রথম অ-কংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার এ কৃতিত্ব অর্জন করলেন।

মুখ্যমন্ত্রীর সাথে এদিন আরও ৪ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে বিজেপির রামেশ্বর তেলি ও অজন্তা নিয়োগ ছাড়াও শরিক দল অসম গণ পরিষদের (এজিপি) অতুল বোরা এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) চরণ বড়ো রয়েছেন। এছাড়া, প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাসকে বিধানসভার স্পিকার পদের জন্য এনডিএ-র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে বিজেপি এককভাবে রেকর্ড ৮২টি এবং শরিকদের নিয়ে মোট ১০২টি আসনে জয়লাভ করেছে, যেখানে এজিপি ও বিপিএফ প্রত্যেকে ১০টি করে আসন জিতেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার নতুন মেয়াদে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজ্যের উন্নয়ন কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই হবে সরকারের মূল লক্ষ্য।

সূত্র: এনডিটিভি

/এমএকে/