শিরোনাম

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার: সেতুমন্ত্রী

সিটিজেন ডেস্ক
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার: সেতুমন্ত্রী
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সচিবালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সোমবার (১১ মে) সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে।

মন্ত্রী জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও যানজটমুক্ত করতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে প্রকল্পের অর্থায়নসহ অন্যান্য প্রাথমিক প্রস্তুতিমূলক কাজগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, গত ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের ঈদযাত্রায় যেন কোনো ধরনের বিচ্যুতি না ঘটে, সে লক্ষ্যে সরকার অধিকতর সজাগ রয়েছে। বিশেষ করে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নতুন এ সেতু নির্মিত হলে তা সড়ক দুর্ঘটনা হ্রাসে এবং যাত্রী ভোগান্তি কমাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। উল্লেখ্য, ২০২২ সালে মাওয়া-জাজিরা পয়েন্টে উদ্বোধন হওয়া দেশের প্রথম পদ্মা সেতুর দৈর্ঘ্য উড়ালপথসহ মোট ৯ দশমিক ৮৩ কিলোমিটার, যা নির্মাণে ব্যয় হয়েছিল ৩০ হাজার কোটি টাকারও বেশি। সেই সফলতার ধারাবাহিকতায় এখন দ্বিতীয় সেতুর দিকে এগোচ্ছে সরকার।

/এমএকে/