শিরোনাম

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে জনগণ ও সরকারকে বিপদে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

আজ সোমবার (১১ মে) বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেসরকারি খাতের সঙ্গে ‘অংশীজন পরামর্শ সভা: স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

দেশের ওষুধ শিল্পের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিশ্চিত করতে ওষুধ মালিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শিল্পের স্বার্থ রক্ষা করা যেমন জরুরি, ওষুধের দাম নাগালে রাখাও জরুরি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ওষুধের দাম নির্ধারণের বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ নীতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ওষুধ কোম্পানিগুলোর অবশ্যই মুনাফার প্রয়োজন আছে। অন্য সবকিছুর দাম বাড়লেও ওষুধের দাম বছরের পর বছর আটকে রাখা যেমন সঠিক নয়, তেমনি আমরা এমন কোনো নীতিমালাও চাই না, যার ফলে যখন খুশি ওষুধের দাম বাড়িয়ে ফেলা হয়। আমাদের মূল লক্ষ্য হলো—এমন একটি ভারসাম্য বজায় রাখা যাতে জনগণ এবং সরকার কোনোভাবেই বিপদে না পড়ে।

প্রতিমন্ত্রী দেশের হাসপাতালগুলোর বেহাল চিত্র তুলে ধরে বলেন, বিগত ৫-৭ বছর ধরে অনেক হাসপাতালের ন্যূনতম রক্ষাণাবেক্ষণ হয়নি। কোথাও ভবন আছে তো যন্ত্রপাতি নেই, কোথাও আবার ওষুধের সংকট। এই বিশাল চ্যালেঞ্জের মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি। যা আমাদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলামসহ বেসরকারি স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রতিনিধি, ওষুধ শিল্পের মালিকগণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমআর/