শিরোনাম

ইরানের ৭টি স্পিডবোট ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
ইরানের ৭টি স্পিডবোট ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের ৭টি দ্রুতগতির নৌযানে (স্পিডবোট) হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে এই নৌপথ দিয়ে নিরাপদে বের করে আনতেই ওয়াশিংটনের এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমরা ৭টি ছোট নৌকা বা দ্রুতগামী নৌযানকে ডুবিয়ে দিয়েছি। তাদের কাছে শুধু এগুলোই অবশিষ্ট ছিল।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নৌযানগুলোতে হামলা চালাতে তারা হেলিকপ্টার ব্যবহার করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে। তবে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের দুইটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে এবং ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ এই প্রণালিতে তাদের জাহাজ হামলার শিকার হওয়ার খবর দিয়েছে। আরব আমিরাত আরও জানিয়েছে, ইরানের হামলার পর ফুজাইরাহর বন্দরে বড় ধরনের আগুন লেগে গেছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আনুমানিক ২,০০০ জাহাজের ২০,০০০ নাবিক পারস্য উপসাগরে আটকা পড়েছেন।

রবিবার (৩ মে) ট্রাম্প জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নৌপথ থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে সাহায্য করা শুরু করবে।

শিপিং কোম্পানি ম্যায়াস্ক জানিয়েছে, ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ উদ্যোগের তত্ত্বাবধানে মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষায় তাদের মার্কিন পতাকাবাহী একটি জাহাজ সফলভাবে প্রণালিটি থেকে বেরিয়ে এসেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালির ঘটনাপ্রবাহ এটা স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও বলেন, প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলক।

সূত্র: বিবিসি

/এফসি/