শিরোনাম

১৭ মাসে ৭ হাজার কোটি টাকা কর ফাঁকি

সিটিজেন ডেস্ক
১৭ মাসে ৭ হাজার কোটি টাকা কর ফাঁকি
জাতীয় রাজস্ব ভবন। ফাইল ছবি

বিগত ১৭ মাসে প্রায় ৭ হাজার কোটি টাকা কর ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এছাড়া ফাঁকি দেয়া করের মধ্যে ৫৩২ কোটি টাকা আদায় করেছে এনবিআর।

আজ সোমবার (৪ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর ফাঁকি শনাক্তকরণ ও আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি দাবি করে এসব তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ইউনিটটি ৩ হাজার ৩০০ এর বেশি আয়কর নথি নিয়ে অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৭ হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য উঠে এসেছে। এর মধ্যে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৫৩২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে, যার মধ্যে শুধু এই অর্থবছরেই আদায় হয়েছে ৪১৪ কোটি টাকা।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানি একাধিক করবর্ষে এসব কর ফাঁকি দিয়েছে। পরবর্তীতে তদন্তে বিষয়গুলো প্রমাণিত হলে অনেক করদাতা এ-চালানের মাধ্যমে বকেয়া কর পরিশোধ করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা গেলে রাজস্ব আহরণে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

রাজস্ব খাতে কর ফাঁকি কমানো, আয়কর আইন মানার প্রবণতা গড়ে তোলা এবং স্বচ্ছ ও ন্যায্য কর আদায় নিশ্চিত করতে এই আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গঠন করা হয়েছে। দীর্ঘদিন অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনার পর ইউনিটটি ২০২৪ সালের ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করে। শুরুতে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সঙ্গে যুক্ত থেকে এবং পরে রাজস্ব ভবনের সীমিত পরিসরে কাজ করলেও অন্তর্বর্তী সরকারের সময় কর ফাঁকির তদন্ত জোরদার করতে ইউনিটটিকে ডাক ভবনে স্থানান্তর করা হয় এবং একই বছরের ২৩ ডিসেম্বর সেখানে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

/এমআর/