শিরোনাম

ধানের খড় নিয়ে বিরোধ: ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারালো বৃদ্ধ

কিশোরগঞ্জ সংবাদদাতা
ধানের খড় নিয়ে বিরোধ: ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারালো বৃদ্ধ
থানা: ছবি: সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধানের খড় নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো আশু মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার (৪ মে) বিকালে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবা-ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহত আশু মিয়া পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে ৫টা ৪৫ মিনিটের দিকে দরিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আশু মিয়া নিজ বাড়ির পাশের রাস্তায় খড় শুকাতে দেন। এসময় চাচাতো ভাই সুরুজ মিঞার সঙ্গে খড় রাখা নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সুরুজ মিঞা ও তার দুই ছেলে রিয়াদ ও শাকিল আশু মিয়ার ওপর চড়াও হয়। বাকবিতণ্ডার মধ্যেই তাদের ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আশু মিয়া। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সুরুজ মিঞা, তার ছেলে রিয়াদ ও শাকিলকে আটক করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসআর/