শিরোনাম

পশ্চিমবঙ্গে সরকার বদলালেও ঢাকা-দিল্লি সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গে সরকার বদলালেও ঢাকা-দিল্লি সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, বাংলাদেশ সব সময় নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। ফলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল ও ধারাবাহিক থাকবে বলে সরকারের বিশ্বাস।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়নের সময় ঘনিয়ে আসছে এবং এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানিবণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে মনে করে।

ভারতের ভিসা ইস্যু প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরগুলোতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পর্যটকসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হয়ে উঠবে।

/এমআর/