শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ: চীন

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ: চীন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে চীন সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ অত্যন্ত জরুরি। তার মতে, অঞ্চলটি এখন একটি সংকটজনক সন্ধিক্ষণে রয়েছে, যেখানে পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ শুরু করা প্রয়োজন।

অন্যদিকে, চীনের অবস্থানকে স্বাগত জানিয়ে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করে বেইজিং কার্যত প্রমাণ করেছে যে তারা তেহরানের ‘বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার’। তিনি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সরাসরি আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন।

আরাঘচি আরও জানান, ইরান কূটনৈতিক পথেই তার বৈধ অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেকোনো সমঝোতার ক্ষেত্রে তারা কেবল একটি ‘ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ চুক্তি’ গ্রহণ করবে।

সূত্র: মিডল ইস্ট আই

/এমআর/