শিরোনাম

মার্কিন রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি হিজবুল্লাহর

সিটিজেন ডেস্ক
মার্কিন রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি হিজবুল্লাহর

লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রতিনিধিত্বকারী লেবাননের সংসদ সদস্য আলী আম্মার এ দাবি জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় একটি ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে। লেবাননের টেলিভিশন চ্যানেল এলবিসিআই-এ প্রচারিত এক ভিডিওতে হিজবুল্লাহ নেতা ও যোদ্ধাদের ‘অ্যাংরি বার্ডস’ গেমের চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সংগঠনটির সমর্থকেরা।

বিতর্ক আরও তীব্র হয়, যখন কিছু সমর্থক পাল্টা প্রতিক্রিয়ায় মারোনাইট খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা মারোনাইট প্যাট্রিয়ার্ক বেশারা রাইকে লক্ষ্য করে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। এতে দেশটির প্রভাবশালী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং রাইয়ের প্রতি সমর্থন বাড়ে।

এ অবস্থায় প্যাট্রিয়ার্ক রাইয়ের সঙ্গে বৈঠকের পর লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা বলেন, এ ধরনের আচরণ লেবাননের মতো সহাবস্থানের জন্য পরিচিত দেশে অনুচিত। তিনি মন্তব্য করেন, যারা এমন কাজ করেছে, তাদের জন্য হয়তো লেবানন উপযুক্ত নয়—তারা অন্য কোথাও বসবাসের কথা ভাবতে পারে।

রাষ্ট্রদূতের এই মন্তব্যকে ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য লেবাননের সার্বভৌমত্বের পরিপন্থী এবং জনগণকে দেশত্যাগে উসকানি দেওয়ার শামিল।

বিবৃতিতে আলী আম্মার বলেন, ‘সবচেয়ে সহজ ও কার্যকর পদক্ষেপ হবে তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা।’

এই ঘটনাকে কেন্দ্র করে লেবাননে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

/এমআর/