শিরোনাম

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

সিটিজেন ডেস্ক
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও একই পরিবারের ৩ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে জেলার ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়ক এবং সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে এই দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

ছাতকের দুর্ঘটনায় নিহত পাঁচজন হলেন— তাহিরপুর উপজেলার উত্তর জালাল গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে ইউসুব আলী (৫০) ও তার দুই মেয়ে কেয়া মনি (১৭) ও নীলুফা আক্তার(৩০), নীলুফা আক্তারের স্বামী শাহাব উদ্দিন। শাহাব উদ্দিন একই উপজেলার রাজারগাঁও গ্রামের আ. শুকুরের ছেলে। নিহত অপর ব্যক্তি অটোরিকশাটির চালক, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে সোমবার সকালে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী (৪০) নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন। এছাড়া সদর উপজেলায় আরও একজন নারী নিহত হয়েছেন।

/এমআর/