শিরোনাম

আমিরাতের ফুজাইরাহ তেল স্থাপনায় ড্রোন হামলা

সিটিজেন ডেস্ক
আমিরাতের ফুজাইরাহ তেল স্থাপনায় ড্রোন হামলা
হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ফাইল ছবি: এপি

ইরানের ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের একটি পেট্রোলিয়াম শিল্প স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) স্থানীয় মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

ফুজাইরাহর গণমাধ্যম দপ্তর জানায়, হামলার পরপরই ওই শিল্প এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পূর্ব দিক থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরবর্তীতে তারা নিশ্চিত করে, ইরান থেকে উৎক্ষেপণ করা চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং অপরটি সমুদ্রে গিয়ে পড়েছে।

এদিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হুমকি দেখা দেওয়ায় দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে।

উল্লেখ্য, এর প্রায় দুই ঘণ্টা আগেও একই ধরনের একটি সতর্কতা জারি করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল এ ধরনের প্রথম সতর্কবার্তা।

সাম্প্রতিক এই হামলা ও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থার ফলে অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/