শিরোনাম

২০৫ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ৮২

সিটিজেন ডেস্ক
২০৫ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ৮২
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট) ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, বিজেপি এগিয়ে আছে ২০৫ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮২ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে তৃণমূল।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি বড় জয় পেতে যাচ্ছে।

নির্বাচনি ফলাফলের বর্তমান অবস্থা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আশাবাদী। এক ভিডিও বার্তায় তিনি তৃণমূল কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এখনও অনেক রাউন্ডের ভোট গণনা বাকি রয়েছে। তিনি বলেন, ‘হতাশ হবেন না’।

এদিকে রাজ্য বিজেপির নেতা-কর্মীরা উল্লাসে মেতে উঠেছেন। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। ভোট গণনা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের বিজেপি ইউনিট পোস্ট করেছে, ‘খেলা শেষ’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমআর/