শিরোনাম

গাজা ফ্লোটিলা থেকে গ্রেফতারের ঘটনায় ইতালির তদন্ত

সিটিজেন ডেস্ক
গাজা ফ্লোটিলা থেকে গ্রেফতারের ঘটনায় ইতালির তদন্ত
স্পেনীয়-ফিলিস্তিনি অধিকার কর্মী সাইফ আবু কেশেক-কে রবিবার ইসরায়েলি আদালতে হাজির করা হয়। ছবি: আল জাজিরা

গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া মানবিক সহায়তাবাহী নৌবহর (ফ্লোটিলা) ইসরায়েলি বাহিনীর হাতে জব্দ হওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দুই আন্দোলনকর্মীকে আটক করে তাদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠার পর ইতালির প্রসিকিউটররা এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন।

গত সপ্তাহে গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায়, গাজা উপত্যকা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি বহরের ২২টি নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এসব নৌযান মানবিক সহায়তা নিয়ে অবরুদ্ধ গাজার দিকে অগ্রসর হচ্ছিল বলে জানা যায়।

এই অভিযানে আটক হওয়া মোট ১৭৫ জন কর্মীর বেশিরভাগই পরবর্তীতে মুক্তি পেয়েছেন। তবে স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলা—এই দুইজনকে আলাদাভাবে ‘জিজ্ঞাসাবাদের’ জন্য ইসরায়েলের আশকেলন শহরে নিয়ে যাওয়া হয়।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, এ ঘটনার পর রোমের তদন্তকারীদের কাছে তিনটি পৃথক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে দুটি অভিযোগ সরাসরি ওই দুই কর্মী—আভিলা ও আবু কেশেক—সংক্রান্ত, যারা ইতালীয় পতাকাবাহী নৌযানে ছিলেন।

আনসার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইতালীয় প্রসিকিউটররা এর আগেও অনুরূপ একটি ঘটনার তদন্ত করছেন। গত বছর ইসরায়েলি নৌবাহিনী আরেকটি নৌবহর আটক করলে সেখানে সম্ভাব্য অপরাধের তালিকায় ‘নির্যাতন’-এর অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।

সব মিলিয়ে গাজাগামী সহায়তা বহরে হামলা, কর্মীদের আটক এবং নির্যাতনের অভিযোগ—এই ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

/এমআর/