শিরোনাম

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বুবলী

নিজস্ব প্রতিবেদক
আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বুবলী
আদালতে পুলিশি পাহারায় সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে আসামি পক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু শুনানিতে বুবলীর জামিন আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়।​ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। ওই সময় সময় হাতেনাতে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে গ্রেপ্তার করা হয়। যার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত প্লাস্টিকের ব্যাগ এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন বাদী হয়ে এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাত ৩০-৪০ জনের নামে মামলা করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, ‘মামলার তদন্তকালে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তদন্তে জানা গেছে, আসামি বুবলী মিছিলের অর্থের যোগানদাতা ও নির্দেশদাতা।’

প্রসঙ্গত, গত বছরের ২৮ সেপ্টেম্বর রাতে মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে তেজগাঁও থানার এক সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই জেলহাজতে রয়েছেন তিনি।

/এফআর/