শিরোনাম

ল্যাবএইড গ্রুপের পরিচালকের কাণ্ড

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
ল্যাবএইড গ্রুপের পরিচালকের কাণ্ড
ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীম। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীমের উপস্থিতিতে তার দেহরক্ষীকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহীনুর ইসলাম বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে এখনো এ বিষয়ে মামলা হয়নি।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১ মে) রাতে ল্যাবএইড গ্রুপের পরিচালক পারিসা ও তার বাগদত্তা সামি দেহরক্ষী শাহীনুর ইসলামের ওপর হামলা চালান। অবসরপ্রাপ্ত সেনা সদস‍্য শাহীনুরকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ডেকে নিয়ে বেদম মারধর করা হয়। একপর্যায়ে সামি মদের বোতল দিয়ে শাহীনুরের মাথায় আঘাত করেন। এতে তার কপাল ফেটে যায়। এ সময় শাহীনুর জীবন বাঁচাতে ওই বাসা থেকে দৌড়ে পালিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই তিনি ধানমন্ডি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

জানতে চাইলে সোমবার (৪ মে) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, ল্যাবএইড গ্রুপের পরিচালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শাহীনুর ইসলাম নামে এক ব্যক্তি। তবে সেটা আমলযোগ্য না হওয়ায় মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহীনুর ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, হামলার বিষয়টি মীমাংসা করতে তাকে চাপ দেওয়া হয়। পরে ল্যাবএইডের ধানমন্ডি শাখার পরিবর্তে মিরপুর শাখায় বেশি বেতনে চাকরি দেওয়ার শর্তে বিষয়টির সুরাহা করা হয়।

ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীমের মোবাইল ফোনে কয়েক দফা কল দেওয়া হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে টেক্সট মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

ল্যাবএইড গ্রুপের পরিচালকের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করছেন ধানমন্ডি থানার ওসি (অপারেশন) রেজানুর রহমান। তিনি সিটিজেন জার্নালকে বলেন, এই ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফসি/