শিরোনাম

গাজীপুর মহানগর পুলিশের ৩৭৮ পদের মেয়াদ বাড়ালো সরকার

বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের ৩৭৮ পদের মেয়াদ বাড়ালো সরকার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাংগঠনিক কাঠামো সংস্কারের জন্য অস্থায়ীভাবে সৃষ্টি করা ৩৭৮টি পদের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।

রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–৩ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে উদ্দেশ্যে পদগুলো তৈরি করা হয়েছিল তার প্রয়োজনীয়তা এখনও রয়েছে। ভবিষ্যতে এসব পদ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই। সুষ্ঠুভাবে কাজ করার স্বার্থে চলতি বছরের ১ জুন ২০২৬ থেকে ২০২৯ সালের ৩১ মে পর্যন্ত মোট তিন মেয়াদে এই পদগুলো সংরক্ষণের মঞ্জুরি দেওয়া হলো। সংরক্ষণ করা পদের মধ্যে রয়েছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ৮টি, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ৪টি, এসআই (নিরস্ত্র) ৫০টি, এসআই (সশস্ত্র) ১০টি, কনস্টেবল ২৫০টি, টিআই পদ দুটি, টিএসআই চারটি, সার্জেন্ট ১০টি এবং নায়েক ৪০টি পদ।

এতে বলা হয়েছে, এই পদগুলোর যাবতীয় ব্যয় বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের বাজেট সংশ্লিষ্ট খাতের বরাদ্দকৃত অর্থ থেকে মেটাতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর গাজীপুর মহানগর পুলিশের কাঠামো সংস্কারের জন্য ৩৭৮টি অস্থায়ী পদ সৃষ্টির আদেশ জারি করা হয়েছিল। বর্তমান আদেশের মাধ্যমে এই জনবল ব্যবহারের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে।

/এসবি/