শিরোনাম

হরমুজ প্রণালি খুলতে ইরানকে জার্মানির আহ্বান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি খুলতে ইরানকে জার্মানির আহ্বান
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল। ছবি: সংগৃহীত

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবিও পুনর্ব্যক্ত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়োহান ভাডেফুল লিখেছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে জার্মানির অবস্থান স্পষ্ট। ইরানকে অবশ্যই সম্পূর্ণ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অবস্থানের সঙ্গেও তিনি একাত্মতা প্রকাশ করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ঘিরে ইউরোপীয় মিত্রদের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যোগ দিতে ইউরোপের অনীহা নিয়ে তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন।

এই প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থান নিয়েও ট্রাম্প কঠোর মন্তব্য করেছেন।

গত সপ্তাহে ফ্রিডরিখ মের্জ ইরান-সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ‘অপমানিত’ হচ্ছে এবং ওয়াশিংটনের কৌশলগত ঘাটতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: আল জাজিরা

/এমআর/