শিরোনাম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর আইন আনছে ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর আইন আনছে ইরান
ইরানের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে একটি নতুন আইন পাসের প্রক্রিয়া শুরু করেছে ইরানের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ১২ দফার প্রস্তাবিত পরিকল্পনাটি কার্যকর হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথের ওপর ইরানের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে এবং বর্তমান নিয়ন্ত্রণব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

ইরানের পার্লামেন্টের ভাইস স্পিকার আলী নিকজাদ শনিবার (২ মে) পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রস্তাবিত আইনের অধীনে ইসরায়েলি কোনো জাহাজকে কখনোই এ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে ‘শত্রু দেশ’ হিসেবে চিহ্নিত দেশগুলোর জাহাজকে এ জলপথ ব্যবহারের আগে ইরানকে যুদ্ধ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এমনকি বিশ্বের অন্য সব দেশের জাহাজকেও এ প্রণালি অতিক্রম করার জন্য ইরান সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরান এই কঠোর অবস্থান নিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শুক্রবার (১ মে) ইরান সংশোধিত আরেকটি প্রস্তাব পেশ করে। এ বিষয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি শনিবার জানিয়েছেন, এখন বল আমেরিকার কোর্টে এবং তাদেরকেই বেছে নিতে হবে তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাতের পথে। সংকীর্ণ এ জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় ইরানের সম্ভাব্য এ পদক্ষেপ বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

/এমএকে/