শিরোনাম

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের একযোগে ২৯ কমিটি অনুমোদন
জাতীয়তাবাদী ছাত্রদল

একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে সরকারি-বেসরকারি সাতটি বিশ্ববিদ্যালয়সহ কলেজ, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরের কমিটি রয়েছে । এসব কমিটির মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ কমিটি

সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। আর বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি দেওয়া হয়েছে।

মহানগর ও জেলা কমিটি

মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ ও কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

পাঁচটি জেলায় পূণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি।

কলেজ কমিটি

পাঁচটি কলেজের মধ্যে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা কলেজে বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।

/বিবি/