শিরোনাম

পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম

সিটিজেন ডেস্ক
পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম
ছবি: সিটিজেন গ্রাফিক্স

দীর্ঘ প্রায় দেড় বছরের টানাপোড়েন ও কূটনৈতিক শীতলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা পুনরায় চালু করতে যাচ্ছে ভারত। রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার বড় উদ্যোগ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে এ ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নয়াদিল্লি সফরে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায় এবং সেই ফলপ্রসূ আলোচনার পরই এ ইতিবাচক সিদ্ধান্তের খবর প্রকাশ্যে এলো। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত ডিসেম্বরে কিছু কেন্দ্রে সাময়িকভাবে স্থগিত হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারিতেই আংশিক চালু করা হয়েছিল। মূলত ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলার জেরে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করা হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও তখন দিল্লি ও আগরতলা মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দেয়।

তবে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং পরে টেলিফোনে তার সরকারের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও এআই ইমপ্যাক্ট সামিট এ অংশ নেওয়ার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তার পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে পররাষ্ট্র সচিব বিক্রম মিসরিসহ একটি উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএকে/