শিরোনাম

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ১২

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ১২
উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবার (১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় একদিনে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননের নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইসরায়েলি হামলায় ৮ জন নিহত হন। এ ঘটনায় নারী-শিশুসহ আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকারীরা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এছাড়াও এদিন দেশটির দক্ষিণাঞ্চলের টায়ার এবং নাবাতিয়েহ শহরের আশপাশের আরও কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন স্থানে বাড়িঘর, একটি কনভেন্ট ও একটি স্কুল ধ্বংস হয়ে যায়।

হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী। তবে আগের দিন কোনো সতর্কতা ছাড়াই ওই এলাকায় হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরায়েল।

/এফআর/