শিরোনাম

মার্কিন জনগণের প্রতি ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি

সিটিজেন ডেস্ক
মার্কিন জনগণের প্রতি ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানকে আবারও প্রস্তুর যুগে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এদিকে মার্কিন সাধারণ জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় এবং অন্য কোনো দেশের ওপর আগ বাড়িয়ে আক্রমণ করেছে– এমন ইতিহাস ইরানের নেই।

একইসঙ্গে সাধারণ মার্কিনিদের প্রেসিডেন্ট প্রশ্ন করেছেন যে কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালচ্ছে এবং এর মাধ্যমে মার্কিন জনগণের কোন স্বার্থ চরিতার্থ হবে?

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) ইরানের প্রেসিডেন্টের ওয়েবসাইটে ওই চিঠি আপলোড করা হয়েছে। সেখানে তিনি আরও বলেছেন, ‘ইরানের বিদ্যুৎ-জ্বালানি-শিল্প অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো এবং ইরানের সাধারণ জনগণের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ। শুধু তা-ই নয়, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ইরান কিংবা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত হবে।

ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে এই যে অস্থিতিশলীতা, প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেসবের প্রতিক্রিয়া ইরান ও মধ্যপ্রাচ্যের বাইরে বহুদূর এবং অনির্দিষ্টকালের জন্য বিস্তৃত হবে।

তিনি বলেন, ‘আমি আপনাদের (সাধারণ মার্কিনি) কাছে জানতে চাই, এই যুদ্ধের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের কোন জাতীয় স্বার্থ জড়িত? আর এটাও কি সত্য নয় যে যুক্তষরাষ্ট্র ইসরায়েলের প্রভাবে এবং প্রলোভনে পড়ে ইসরায়েলের সহায়ক শক্তি হিসেবে সংঘাতে অংশ নিয়েছে?’

তিনি আরও বলেন, ‘ইরান আগ্রাসনকারী দেশ নয়। আমাদের সভ্যতা ৫ হাজার বছরের পুরোনো। নিকট বা দূর অতীতে কখনো কোনো দেশের ওপর ইরান হামলা চালিয়েছে এমন কোনো ইতিহাস নেই। এমনকি যে যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানে হামলা করেছে, তা সত্ত্বেও আমরা কখনও সাধারণ মার্কিনিদের শত্রু বলে বিবেচনা করিনি, এখনও করছি না। আমি শুধু জানতে চাই, যুক্তরাষ্ট্র কি এখনও আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করছে? এই যুদ্ধের সঙ্গে এ নীতি কী সঙ্গতিপূর্ণ?’

গত দুই যুগ ধরে ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। ২০১৫ সালে এই দুই ইস্যু নিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করে। তবে প্রথম মেয়াদে ২০১৮ সালে একতরফাভাবে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

প্রতিশোধ নিতে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন মোট ১ হাজার ৩৪০ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে ইরানে আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। প্রায় প্রতিদিন বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতেই এই খোলা চিঠি লিখলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল

/জেএইচ/