শিরোনাম

চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কেনার চুক্তির খসড়া তৈরি: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কেনার চুক্তির খসড়া তৈরি: ডা. জাহেদ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০ সিই কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। এ বিষয়ে একটি খসড়া চুক্তিপত্র তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের এমআরসিএ ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম– এগুলো কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এই অর্থবছরে বাজেট পাওয়া গেলে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তা সম্ভব না হলে পরবর্তী বাজেটে চলে যাবে।

চীনা যুদ্ধবিমান জে-১০ সিই
চীনা যুদ্ধবিমান জে-১০ সিই

উপদেষ্টা বলেন, এমআরসিএ (জে-১০ সিই) এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে।

চীনের তৈরি জে-১০ সিই ফাইটারের সক্ষমতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সাম্প্রতিক একটা যুদ্ধ পরিস্থিতির বাস্তব উদাহরণ রয়েছে। ভারত-পাকিস্তানের সংঘাতে ভারতের রাফাল ভূপাতিত হয়েছিল, সেটা করেছে চীনা জে-১০। রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা। সেখানে চীনের তৈরি একটা মাল্টিরোল ফাইটার যুদ্ধক্ষেত্রে খুবই ভালো করেছে। বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।

জাহেদ উর রহমান আরও বলেন, একই বৈশিষ্ট্যের ফ্রান্সের রাফাল বা ইউরো ফাইটার টাইফুন– এসব ইউরোপীয় ফাইটারের তুলনায় চীনা ফাইটারের দাম তুলনামূলকভাবে অনেক কম। আশা করি, আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এমআরসিএ (জে-১০ সিই) এবং অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত কমিটির তৈরি করা খসড়া চুক্তিপত্র অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

/এফসি/