শিরোনাম

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত
ক্ষেপণাস্ত্র হামলায় জানজান প্রদেশে আইআরজিসির ৩ সদস্য নিহত হয়েছেন

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের তিন সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নিহতরা হলেন- মাহমুদ মোল্লাজাবারি, মোহাম্মদরেজা চেরাঘি ও জামাল আমিরি। তারা সবাই আইআরজিসির জানজান প্রদেশ শাখা ‘আনসার আল-মাহদির’ সদস্য ছিলেন।

আইআরজিসির দাবি অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্র এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সীমান্ত ও জনগণকে পাহারা দেওয়ার দায়িত্ব পালনকালেই মার্কিন হামলায় নিহত হন এ তিন সেনাসদস্য। এ ঘটনায় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা, নিহতদের পরিবার এবং ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে এই সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে তারা এর পুরো দায় সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা যখন চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই এ হামলার খবর সামনে এল। দুপক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হয়ে উঠছে। তবে আইআরজিসির এসব দাবির ব্যাপারে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্র থেকেও হামলার সত্যতা বা নিহতের সংখ্যা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/