শিরোনাম

রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে জেলে রাখা হবে না: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে জেলে রাখা হবে না: শামা ওবায়েদ
সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, কিংবা যে দলই হোক– রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে আটক বা কারাগারে রাখা হবে না, সরকার অবশ্যই তা নিশ্চিত করবে।’

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া ও মৌলিক অধিকারের প্রতি সরকারের অঙ্গীকার সব রাজনৈতিক দলের সমর্থকদের ক্ষেত্রেই প্রযোজ্য। এর মধ্যে বিরোধী দল এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থকরাও রয়েছেন।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আগে কখনো তা হয়নি। সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর নেতাকর্মীরা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অতীতের ফ্যাসিবাদী যুগের পুনরাবৃত্তি এখন বা ভবিষ্যতে কখনোই চাই না। আমরা প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে চাই। আমাদের সরকারের অবস্থান হলো, আমরা মানবাধিকার রক্ষার চেষ্টা করছি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি প্রথমত ও প্রধানত বাংলাদেশ নীতি। আমরা সবার সঙ্গে সমান অধিকার নিয়ে এবং নিজেদের স্বার্থকে সম্মানের সঙ্গে রক্ষা করে সম্পর্ক বজায় রাখতে চাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন কথা বলছেন, তখন চীনসহ অন্যান্য অংশীজন আমাদের কথাকে আরও বেশি গুরুত্ব দিয়ে, আরও গভীরভাবে শুনছে। এখন যেহেতু বাংলাদেশ একটি নির্বাচিত সরকার, তাই আলোচনার ক্ষেত্রে আমাদের অবস্থান আরও শক্তিশালী।’

/এফআর/