শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির এখনই সেরা সময়: পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির এখনই সেরা সময়: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও শক্তিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, সাম্প্রতিক নানা সংঘাত পেরিয়ে ইরান এখন আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। আর এ মজবুত পরিস্থিতিই কূটনীতির মাধ্যমে নিজেদের প্রাপ্য অধিকার আদায়ের নতুন পথ তৈরি করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, যেকোনো বিরোধের স্থায়ী সমাধান কেবল সংঘাতের মাধ্যমে সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠায় জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি তার সরকারের পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। তবে তেহরানের দৃষ্টিতে ওয়াশিংটন এখনো এক অবিশ্বস্ত শক্তি। চুক্তিকে সামনে এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ অবিশ্বাসের পরিবেশ দূর করে আস্থা পুনর্নির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, নতুন করে আলোচনার পথ উন্মুক্ত হলেও ওয়াশিংটনের প্রতি ইরানের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক আখ্যা দিয়ে তিনি জানান, ইসলামী প্রজাতন্ত্র তার নিজস্ব নীতি ও পরিচয়েই অটল থাকবে। মূলত ইরানের জোরালো কূটনৈতিক তৎপরতা ও অনড় অবস্থানের কারণেই ওয়াশিংটন শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট দাবি করেন, এতে ইরান বিন্দুমাত্র ছাড় দেয়নি বা কোনো জাতীয় স্বার্থ বিসর্জন দেয়নি। তেহরান যা স্বাক্ষর করেছে, তার পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে আছে। উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। পেজেশকিয়ান জানান, হরমুজ প্রণালিতে ওমানের সঙ্গে যৌথভাবে নির্ধারিত নিয়ম এড়িয়ে ওয়াশিংটন বিকল্প ব্যবস্থা চালু করেছে। এসব সমস্যা নির্ধারিত নিয়ম মেনেই সমাধানের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষভাগে দেশের ইন্টারনেট বিধিনিষেধ নিয়েও ইতিবাচক বার্তা দেন ইরানি প্রেসিডেন্ট। তিনি জানান, দেশের নিরাপত্তা ও প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয় বিবেচনায় রেখে ইন্টারনেট সেবা সহজ করার লক্ষ্যে তার প্রশাসন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরা বিশেষজ্ঞ আলোচক দলের ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/