শিরোনাম

ইরান ‘অসদাচরণ’ করলে পুনরায় হামলা হতে পারে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরান ‘অসদাচরণ’ করলে পুনরায় হামলা হতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের ওপর সামরিক হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেহরান নতুন করে কোনো ধরনের অসদাচরণ করলে ওয়াশিংটন বসে থাকবে না। কড়া জবাব হিসেবে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। শনিবার (২ মে)ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট এ সতর্কবার্তা দেন।

একই সঙ্গে ট্রাম্প নিশ্চিত করেছেন, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক রূপরেখা সম্পর্কে তিনি অবগত রয়েছেন এবং বর্তমানে এর চূড়ান্ত লিখিত খসড়া হাতে পাওয়ার অপেক্ষায় আছেন। নতুন করে হামলার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট সরাসরি হ্যাঁ বা না না বললেও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখেন। তিনি মন্তব্য করেন, ইরান অতীতে যা করেছে তার জন্য এখনো তাদের উপযুক্ত মূল্য চোকাতে হয়নি। তিনি বলেন, তেহরান খারাপ বা নেতিবাচক কোনো পদক্ষেপ নিলে সামরিক হামলার প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে।

অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যেই ইরান তাদের পক্ষ থেকে ১৪ দফার একটি নতুন প্রস্তাবনা সামনে এনেছে। প্রস্তাবে হরমুজ প্রণালি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি তেহরানের ওপর থেকে সব ধরনের মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে স্পর্শকাতর বিষয় পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা আপাতত স্থগিত রেখে পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে তা নিয়ে বসার প্রস্তাব দিয়েছে ইরান সরকার। এখন ট্রাম্প প্রশাসন ইরানের শর্তসাপেক্ষ প্রস্তাবনা মেনে নেবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখনো চরম অনিশ্চয়তা ও ধোঁয়াশা বিরাজ করছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/