শিরোনাম

২২ কোটি ডলারের তেল নিয়ে মার্কিন অবরোধ এড়ালো ইরানি ট্যাংকার

সিটিজেন ডেস্ক
২২ কোটি ডলারের তেল নিয়ে মার্কিন অবরোধ এড়ালো ইরানি ট্যাংকার
ছবি: সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর নিশ্ছিদ্র নজরদারি ও কঠোর অবরোধ ফাঁকি দিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশালাকার তেলবাহী ট্যাংকার। প্রায় ২২ কোটি ডলার মূল্যের ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি এখন গন্তব্যের পথে রয়েছে বলে নিশ্চিত করেছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’। ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) মালিকানাধীন বিশালাকার জাহাজটির নাম ‘হিউজ’। সংস্থাটি জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেওয়ার সময় ট্যাংকারটি ইরানের জলসীমাতেই অবস্থান করছিল। এর আগে গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই জাহাজটি তার ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা এআইএস বন্ধ করে রেখেছিল। ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে যে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে। বিপরীতে মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা এ পর্যন্ত ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এ অবরোধের ফলে ইরান কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তেল রপ্তানি করতে না পেরে মজুত সংকট তৈরি হওয়ায় তারা শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/