শিরোনাম

৫০০ টাকার জন্য বৃদ্ধাকে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা
৫০০ টাকার জন্য বৃদ্ধাকে হত্যা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রনি মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, গত ২৮ জানুয়ারি কোতোয়ালী থানা এলাকার মীরকান্দাপাড়া গ্রামে নূরজাহান নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গ্রেপ্তার রনি মিয়া একই গ্রামের বাসিন্দা এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। তিনি মাঝে মাঝে তার প্রেমিকাকে নিয়ে নূরজাহানের বাড়িতে অবস্থান করতেন। এর জন্য ৫০০ টাকা ভাড়া দিতেন। একবার ভাড়া পরিশোধ না করেই তিনি চলে যান, যা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

তদন্তে জানা গেছে, ঘটনার দিন রাতে রনি মিয়া নূরজাহানের বাড়িতে যান। কথাবার্তার একপর্যায়ে নূরজাহান আগের পাওনা টাকা চান। রনি তা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তিনি শিল দিয়ে নূরজাহানের মাথায় আঘাত করেন। এরফলে নূরজাহান মারা যান। হত্যার পর মরদেহ খড়ের নিচে লুকিয়ে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান অভিযুক্ত।

ঘটনার দুইদিন পর ৩০ জানুয়ারি রাতে নিহতের স্বজনরা বাড়ির পাশ থেকে খড়ের নিচে লুকানো অবস্থায় নূরজাহানের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাত্র ৫০০ টাকার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর মরদেহ গোপন রেখে অভিযুক্ত রনি স্বাভাবিক জীবনযাপন করছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

/এসআর/