শিরোনাম

আবার কি ফিরে আসছে ল্যান্ডফোনের যুগ

সিটিজেন ডেস্ক
আবার কি ফিরে আসছে ল্যান্ডফোনের যুগ
ছবি: সংগৃহীত

একসময় ঘরের প্রধান যোগাযোগমাধ্যম ছিল ল্যান্ডফোন। স্মার্টফোনের দাপটে সেই প্রযুক্তি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলেও এখন নতুনভাবে আবার আলোচনায় ফিরেছে। বিশেষ করে শিশুদের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে তৈরি ‘টিন ক্যান’ নামের একটি ডিভাইস প্রযুক্তিবিশ্বে নতুন আগ্রহ তৈরি করেছে। জেন-আলফা প্রজন্মের অনেক শিশুই এখন এই যন্ত্রের প্রতি আকৃষ্ট হচ্ছে।

প্রায় ১০০ ডলার মূল্যের এই ডিভাইসটি দেখতে অনেকটা নব্বইয়ের দশকের ল্যান্ডফোনের মতো। এতে রয়েছে বড় বড় বোতাম, পাকানো তার এবং ভয়েস মেসেজ রাখার সুবিধা। এটি প্রচলিত টেলিফোন লাইনের বদলে ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে, ফলে এর মাদ্যমে ইন্টারনেটভিত্তিক কল করা সম্ভব।

ডিভাইসটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সীমিত ব্যবহার ব্যবস্থা। এতে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম, গেম, অ্যাপ কিংবা বার্তা আদান-প্রদানের সুযোগ নেই। এতে শুধুমাত্র কণ্ঠে কথা বলার সুবিধাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। শিশুদের নিরাপদ রাখতে ডিভাইসটিতে নির্দিষ্ট পরিচিতজনের তালিকা সেট করা যায়। অভিভাবকেরা একটি সহায়ক মোবাইল অ্যাপের মাধ্যমে যাদের অনুমতি দেবেন, কেবল তাদের সঙ্গেই শিশুরা কথা বলতে পারবে। ফলে অপরিচিত নম্বর থেকে যোগাযোগের আশঙ্কা কমে যায়।

গত বছরের এপ্রিলে বাজারে আসার পর থেকেই ডিভাইসটি ব্যাপক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এর কয়েক লাখ ইউনিট বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিয়াটলের তিন উদ্যোক্তা—চেট কিটলসন, ম্যাক্স ব্লুমেন ও গ্রেম ডেভিস নিজেদের সন্তানদের জন্য নিরাপদ ও সহজ একটি যোগাযোগমাধ্যম খুঁজতে গিয়ে এই ফোন তৈরির ধারণা পান।

তাদের মতে, বর্তমানের অধিকাংশ স্মার্টফোনে অতিরিক্ত ফিচার ও উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় শিশুদের জন্য তা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেই চিন্তা থেকেই তারা নিয়ন্ত্রিত ও সীমিত সুবিধাসম্পন্ন একটি বিকল্প তৈরি করেন।

শিশুদের আকৃষ্ট করতে ফোনটি বাজারে আনা হয়েছে নীল-সবুজ, বেগুনি-সাদা, হলুদ এবং গোলাপি-কমলাসহ বিভিন্ন উজ্জ্বল রঙে। বিদ্যুৎ সংযোগে চালিত ডিভাইসটি ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই সেটআপ করা যায়।

একই ধরনের ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে বিনা খরচে কথা বলার সুবিধা রয়েছে। তবে সাধারণ ফোন নম্বরে কল করতে মাসে ৯ দশমিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন প্রয়োজন হয়। এছাড়া এতে ‘কোয়াইট আওয়ার্স’ নামে একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময় কল আসা ও করা বন্ধ রাখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অভিভাবক এই ডিভাইস নিয়ে ইতিবাচক মতামত জানিয়েছেন।

তাদের মতে, এর মাধ্যমে শিশুরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে পারছে এবং একই সঙ্গে ফোন ব্যবহারের মৌলিক শিষ্টাচারও শিখছে।

বর্তমানে ‘টিন ক্যান’ কেবল যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে পাওয়া যাচ্ছে।

/এসবি/