শিরোনাম

মিরপুরে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

সিটিজেন ডেস্ক
মিরপুরে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি ১১তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় ভবন থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন।

এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। পরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

/এসএ/