শিরোনাম

শাপলা গণহত্যা দিবস উপলক্ষে জবিতে আলোচনা সভা

জবি প্রতিনিধি
শাপলা গণহত্যা দিবস উপলক্ষে জবিতে আলোচনা সভা
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। ছবি: সংগৃহীত

শাপলা গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। এসময় তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে কথা বলতে জাতিকে দীর্ঘ ১৩ বছর অপেক্ষা করতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় আবেগ, বেদনা ও গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক শক্তির দমন-পীড়নের প্রেক্ষাপটে সংঘটিত এই হত্যাকাণ্ড জাতির জন্য গভীর ক্ষত।

উপাচার্য আরও বলেন, সেদিন যারা নবী করিম (সা.)-এর সম্মান রক্ষায় ও ধর্মীয় অনুভূতির পক্ষে অবস্থান নিয়ে সমাবেশে অংশ নিয়েছিলেন তারা সাহসী ও দৃঢ়চেতা মানুষ। তিনি শহীদদের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান এবং ঘটনার সত্য উদঘাটনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষক ও লেখক আলী হাসান উসামা। তিনি ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ, ১৩ দফা দাবি এবং পরবর্তী ঘটনাবলি বিশ্লেষণ করেন। তিনি অভিযোগ করেন, ওই রাতে ধর্মপ্রাণ সাধারণ মানুষের ওপর রাষ্ট্রীয় শক্তির কঠোর দমন-পীড়ন চালানো হয়।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার পর পর্যাপ্ত প্রতিবাদ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনার পর বিভিন্ন পক্ষের নীরবতা সত্য উদঘাটনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এখনো পর্যন্ত শহীদদের সঠিক সংখ্যা নির্ধারণ না হওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনা দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তিনি এ ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ।

/এমআর/