রাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের, কার্যালয়ে তালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের, কার্যালয়ে তালা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. আতিয়ার রহমানকে পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। দাবি আদায়ে ভিসি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ অথবা উপাচার্যকে অপসারণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে উপাচার্য কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, বর্তমান উপাচার্য যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক ও রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন। তিনি নিয়োগ নিয়ে জালিয়াতি, আর্থিক অনিয়ম ও জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

এ সময় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলন শেষে উপাচার্য কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

/এফআর/