শিরোনাম

জনগণের কাছে জবাবদিহির প্রধান মাধ্যম হলো গণমাধ্যম: তথ্যমন্ত্রী

জাবি প্রতিনিধি
জনগণের কাছে জবাবদিহির প্রধান মাধ্যম হলো গণমাধ্যম: তথ্যমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা যায়, জবাবদিহির মধ্যে থাকা যায়, ততই একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা অনেক বেশি সঠিক ও পরিষ্কার হয়। আর এই জবাবদিহির প্রধান মাধ্যম হচ্ছে একটি স্বাধীন গণমাধ্যম।

আজ সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম পেশা চর্চা করার ক্ষেত্রে মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যুক্তির পক্ষে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি, তা বাদ দিলে তো আর গণমাধ্যম থাকে না। নীতিনিষ্ঠ এবং দেশপ্রেম নির্ভর এই পেশাকে তার মূল্যবোধের জায়গায় স্থির রাখতে চাইলে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে মোকাবিলা করতে হবে।’

তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘লুকিয়ে থাকা সৃজনশীলতাকে আরও অনেক বেশি ধারালো করতে হবে এবং নিষ্ঠার সাথে এই পেশার মান রক্ষা করবে।’

গেস্ট অব অনারের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘যারা অসুবিধায় আছে তাদের জন্য স্বস্তি তৈরি করা আর যারা অন্যায়ভাবে সুবিধা ভোগ করে তাদের জন্য অস্বস্তি তৈরি করাই হচ্ছে আসলে সংবাদ মাধ্যমের কাজ। বিগত সরকার যেভাবে পালিয়ে গেছে আর যেন কেউ একই ভুল না করে সেজন্য আপনারা অভিভাবকের দায়িত্বটি পালন করবেন। সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা করার সৎ সাহস থাকতে হবে, তবে দয়া করে সমালোচনা ও কুৎসার মধ্যে পার্থক্যটা জানতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব।

বিদায়ী সভাপতি মেহেদী মামুনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতি হিসেবে মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজিব রায়হান দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জাকসু, বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমআর/