শিরোনাম

‘পিএসজি ইউরোপের সেরা দল’

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘পিএসজি ইউরোপের সেরা দল’
সংবাদ সম্মেলনে পিএসজির কোচ লুইস এনরিকে। ছবি: সংগৃহীত

গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। এবারও তারা আছে সেমিফাইনালে। তবে এই পর্যন্ত আসার পথটা সহজ ছিল না। সেমিফাইনালের বাধা পেরোলেই ফাইনাল। সেখানে যেতে দুই লেগের সমীকরণ মেলাতে হবে লুইস এনরিকেকে। পিএসজি কোচের মতে পারফরম্যান্সের দিকে তার দল এখন ইউরোপের সেরা।

গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের প্লেঅফে খেলতে হয়েছে পিএসজিকে। সেখানে মোনাকোকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় তারা। পরে চেলসি ও লিভারপুলের বিপক্ষে জিতে মেসিতে উঠেছে প্যারিসের ক্লাবটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে শিরোপাধারী পিএসজি। প্যারিসে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে পিএসজিকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের সাম্প্রতিক ফর্ম। পিএসজির কোচ লুইস এনরিকে বলেন, ‘এই দুই দল (পিএসজি ও বায়ার্ন) ইউরোপের সেরা। ধারাবাহিকতার দিক থেকে বায়ার্ন হয়তো আমাদের চেয়ে কিছুটা এগিয়ে, কারণ তারা মাত্র দুটি ম্যাচ হেরেছে। তবে আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি, সেই হিসেবে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই।’

ম্যাচে আক্রমণাত্বক খেলা খেলবে পিএসজি তা জানিয়ে এনরিকে বলেন, ‘জিততে হলে রক্ষণাত্মক ফুটবলের চেয়ে আক্রমণাত্মক ফুটবল বেশি খেলতে হবে। আমরা জানি, এটা কতটা কঠিন, তবে আমরা এখানে সমঝোতা করতে আসিনি, আমরা জিততে চাই।’

সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে আলিয়ান্স অ্যারেনায়, আগামী ৬ মে।

/টিই/