শিরোনাম

ভারতের সব বোলারকেই ঘৃণা করি: হাসান নেওয়াজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারতের সব বোলারকেই ঘৃণা করি: হাসান নেওয়াজ
পাকিস্তানি ক্রিকেটার হাসান নেওয়াজ। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের খেলা মানেই মাঠ বা মাঠের বাইরে থাকে বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তেজনায় ঘি ঢেলে দিলেন পাকিস্তানি ব্যাটার হাসান নেওয়াজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্রিকেটার বলেছেন, ভারতের সব বোলারকে ঘৃণা করেন তিনি।

পাকিস্তানের হয়ে ২৫ টি-টোয়েন্টি এবং ৪ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যানকে প্রশ্ন করা হয়েছিল কোন ভারতীয় বোলারের বিরুদ্ধে তিনি বেশি রান নিতে চান। উত্তরে বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা মানেই আলাদা মোটিভেশন। আপনি স্বাভাবিকভাবে চাইবেন তাদের বোলারদের আক্রমণ করতে। সত্যি বলতে, আমি ভারতের সব বোলারকেই ঘৃণা করি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে ভবিষ্যতে আমি সেটাই (আক্রমণ) করার চেষ্টা করবো।’

হাসান নেওয়াজের মতে, আন্তর্জাতিক স্তরের সব বোলার বিশ্বমানের, তাই নির্দিষ্ট কাউকে নয় বরং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা সাজান তিনি।

সাক্ষাৎকারে বড় কথা বললেও ভারতের বিপক্ষে তার রেকর্ড ভালো না। ভারতের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে তিনি ৫ রান করে আউট হন। গত বছরের নভেম্বরে পাকিস্তানের হয়ে মাঠে নামা হাসান বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন।

এই মন্তব্য প্রকাশের পর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন হাসান।

/টিই/