শিরোনাম

আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ‘নিন্দা’ আশা করে তেহরান: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের ‘নিন্দা’ আশা করে তেহরান: রাষ্ট্রদূত
ঢাকায় ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশের দেওয়া দুটি বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী। তিনি বলেছেন, এসব ‘অস্পষ্ট বিবৃতি’ তেহরানের জন্য মনোকষ্টের কারণ হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ থেকে আগ্রাসনের বিরুদ্ধে আরও সুস্পষ্ট অবস্থান প্রত্যাশা করে ইরান।

রাষ্ট্রদূত বলেন, এ পর্যন্ত বাংলাদেশ সরকার যে বিবৃতিগুলো দিয়েছে, সেখানে আমাদের কিছু কষ্টের জায়গা আছে। আমরা আশা করি, বাংলাদেশ অস্পষ্ট বিবৃতি না দিয়ে স্পষ্টভাবে আগ্রাসনের নিন্দা করবে।

তিনি উল্লেখ করেন, ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকে এ যুদ্ধের সমালোচনা করছে। সে তুলনায় বাংলাদেশের অবস্থান আরও পরিষ্কার হওয়া উচিত বলে মনে করে তেহরান।

বাংলাদেশকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে জাহানাবাদী বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক বোঝাপড়া জরুরি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ সরকার দুই দফায় বিবৃতি দেয়। প্রথম বিবৃতিতে সরাসরি কোনো নিন্দা জানানো হয়নি। পরের দিন দেওয়া দ্বিতীয় বিবৃতিতে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করা হলেও হামলাকারী দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, যে কোনো আগ্রাসী ভূমিকা নিন্দার যোগ্য। আমরা চাই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের স্পষ্ট নিন্দা করা হোক।

বাংলাদেশের কূটনৈতিক বাস্তবতা প্রসঙ্গে জালিল রাহিমী বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক শ্রমিক থাকার বিষয়টি ইরান বুঝতে পারে। তবুও আন্তর্জাতিক আইন অনুযায়ী আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত বলে মনে করে তেহরান।

তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী এক দেশের ওপর অন্য দেশের হামলা অবৈধ। তাই এ ধরনের ঘটনার বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নেওয়া জরুরি।

বাংলাদেশ সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি না– এমন প্রশ্নে রাষ্ট্রদূত জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সুযোগ পেলে সরাসরি আলোচনার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিবর্তন নিয়েও সমালোচনা করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ট্রাম্পের এমন অবস্থান আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

তিনি বলেন, ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না এবং চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানায়।

/এসএ/