শিরোনাম

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের

সিটিজেন ডেস্ক
পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের
পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তি সংক্রান্ত দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে বর্তমানে কোনো আলোচনা চলছে না। এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো চলমান সংঘাতের একটি স্থায়ী অবসান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের বক্তব্যকে নাকচ করে দিয়ে বলেন, ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছে না। সঠিক সময়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, পারমাণবিক ইস্যু নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। বাঘাই উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোমবার (১ জুন) সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

এদিকে এ বাদানুবাদের মধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের গোর্ক শহর ও কাসেম আইল্যান্ডে অবস্থিত ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। পেন্টাগন এ হামলাকে ‘আত্মরক্ষামূলক অভিযান’ হিসেবে অভিহিত করলেও দুদেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতিতে তেহরান স্পষ্ট করেছে, পারমাণবিক আলোচনার চেয়ে সংঘাতের স্থায়ী সমাধানই এখন তাদের মূল লক্ষ্য।

সূত্র: আল জাজিরা

/এমএকে/