শিরোনাম

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ফুটবল খেলাকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হলে খেলা শেষে ধারাভাষ্যকার মাইকে ফলাফল ঘোষণা করেন। এ সময় ফলাফল ও খেলার বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু বুধবার (৩ জুন) সকালে আবারও উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় উত্তেজনায়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসবি/