শিরোনাম

দুইদিনের মধ্যে ইরানিদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
দুইদিনের মধ্যে ইরানিদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্য সংকট নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তবে আগামী দুইদিনের মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবারও আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিও পাকিস্তানে হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পরবর্তী দুইদিনে কিছু একটা হতে পারে। আমরা পাকিস্তানে যেতে বেশি আগ্রহী।’

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দশক পর সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের কঠিন শর্তের কারণে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। দীর্ঘ ৪০ দিন ধরে চলা এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। প্রণালিটি দিয়ে বিশ্ব জ্বালানির এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এটি বন্ধ হওয়ার ফলে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই সংকট দ্রুত সমাধান না হলে বিশ্বমন্দা শুরু হতে পারে বলে সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স

/জেএইচ/