শিরোনাম

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটিতে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং যুদ্ধ পরিস্থিতি এবার শেষের খুবই কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আরও বলেন, মার্কিন বাহিনী ইরানে এখনও তাদের কাজ পুরোপুরি শেষ করেনি।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। হ্যাঁ, মানে আমি দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তেহরানের ওপর সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি আরও বলব, যদি এখনই আমি ইরান থেকে সবকিছু গুটিয়ে নেই তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের ২০ বছর লাগবে। আমরা এখনও আমাদের অভিযান শেষ করিনি। আমরা দেখব কী হয়। আমার মনে হয় তারা একটি চুক্তিতে আসতে চাইছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। টানা ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে ১৪ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র-ইরান। এই সাময়িক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী যুদ্ধাবসানের চুক্তির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা।

বিবাদমান দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য। কিন্তু দীর্ঘ ২১ ঘণ্টা ধরে ম্যারাথন আলোচনার পরও কোনো চূড়ান্ত চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় ইসলামাবাদের বৈঠক। তবে এই কূটনৈতিক অচলাবস্থা কাটানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।

সূত্র: আল জাজিরা

/এমএকে/