শিরোনাম

দলীয় পরিচয়ে নয়, যোগ্যরাই কৃষক কার্ড পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিটিজেন ডেস্ক
দলীয় পরিচয়ে নয়, যোগ্যরাই কৃষক কার্ড পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় বা ধর্ম-বর্ণের বিবেচনা করা হবে না। যারা প্রকৃতভাবে যোগ্য, তারাই এই সুবিধা পাবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে ওই এলাকায় দুই হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন। কারা এই কার্ড পাবেন, তা তিন স্তরের যাচাই-বাছাইয়ের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন নির্ধারণ করেছে।

তিনি আরও বলেন, দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

ফরহাদ হোসেন বলেন, দেশের উন্নয়ন ও সংকট মোকাবিলায় দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্তদের সহায়তার ক্ষেত্রেও কোনো পক্ষপাতিত্ব করা হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। শেষে ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষি কার্ড ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

/এসএ/