শিরোনাম

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর
ছবি: সিটিজেন জার্নাল

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এতে বলা হয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বাড়তে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এদিকে, পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) থেকে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। তবে ১৮ এপ্রিলের পর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

/এসবি/