শিরোনাম

জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম

সিটিজেন ডেস্ক
জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম
রাজধানীতে এনসিপির বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের দিনে সরকারের কাছে জনগণের ‘বকেয়া’ পরিশোধের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।

নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে রাজধানীতে এনসিপির বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেইগুলোকে বিল আকারে এনে আইনে পরিণত করবে।

উৎসবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে পহেলা বৈশাখসহ বিভিন্ন আয়োজনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছিল। এখন সেগুলোকে সবার অংশগ্রহণে নাগরিক উৎসব হিসেবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে সংস্কার ও সাংস্কৃতিক স্বাধীনতার আন্দোলন অব্যাহত থাকবে।

নাহিদ ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়; বিশ্বজুড়ে এর বিস্তার রয়েছে। এ কারণে বাংলাদেশকে বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে হবে।

এর আগে বৈশাখ উপলক্ষে বাংলামোটর থেকে এনসিপির একটি শোভাযাত্রা বের হয়। মিছিলটি শাহবাগ ঘুরে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এসএ/