শিরোনাম

মার্কিন অবরোধ উপেক্ষা, হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ

সিটিজেন ডেস্ক
মার্কিন অবরোধ উপেক্ষা, হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ
হরমুজ প্রণালি পার হওয়া চীনা ট্যাংকার রিচ স্টারি। ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনীর অবরোধের মধ্যেই একটি চীনা ট্যাংকার মঙ্গলবার (১৪ এপ্রিল) হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা এলএসইজি, মেরিনট্র্যাফিক ও কেপলারের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু হওয়ার পর থেকে চীনা ট্যাংকার রিচ স্টারি প্রথম জাহাজ যেটি পারস্য উপসাগর থেকে বের হয়ে হরমুজ প্রণালি পার হয়েছে।

ইরানের সঙ্গে লেনদেন করায় ট্যাংকারটি ও এর মালিক কোম্পানি সাংহাই শুনরুন শিপিং কোম্পানি লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এবার সেই কোম্পানির ওই ট্যাংকারটি মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করলো।

তথ্য বলছে, রিচ স্টারি মাঝারি ধারণক্ষমতার একটি ট্যাংকার। এতে চীনা ক্রু আছে। হরমুজ প্রণালি পার হওয়ার সময় ট্যাংকারটি প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছিল। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে এ পণ্য লোড করা হয়েছিল।

এলএসইজির তথ্যে দেখা গেছে, মুরলিকৃষাণ নামের আরেকটি ট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ছোট এই ট্যাংকারটি ১৬ এপ্রিল ইরাক থেকে জ্বালানি তেল লোড করবে বলে কেপলারের তথ্যে দেখা গেছে। আগে এমকেএ নামে পরিচিত এই ট্যাংকারটি রুশ ও ইরানি তেল সরবরাহ করে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের জলযানগুলো এবং যে জাহাজগুলো ইরানকে টোল দেবে তাদের অবরোধ করবে। আর ইরানের কোনো ‘ফাস্ট-অ্যাটাক’ জাহাজ অবরোধের কাছাকাছি এলে সেটিকে নির্মূল করা হবে।

এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশের বন্দরগুলোয় প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

/এফসি/