শিরোনাম

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের প্রস্তাব নাকচ ফরাসি প্রেসিডেন্টের

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের প্রস্তাব নাকচ ফরাসি প্রেসিডেন্টের
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংকটের সমাধান যুদ্ধের মাধ্যমে সম্ভব নয়; বরং কূটনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ।

দক্ষিণ কোরিয়া সফরকালে বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক ইস্যুর স্থায়ী সমাধান দিতে পারবে না।

ম্যাখোঁ সতর্ক করে বলেন, ‘যদি কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার কোনো কাঠামো না থাকে, তাহলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই পরিস্থিতি আবার খারাপ হতে পারে।’

একইসঙ্গে হরমুজ প্রণালি খুলতে সামরিক অভিযান চালানোর প্রস্তাবও নাকচ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এমন পদক্ষেপ ‘বাস্তবসম্মত নয়’।

তার মতে, এই ধরনের সামরিক অভিযান বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে এবং এতে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের কাছে উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আছে। ফলে হরমুজ প্রণালিতে যেকোনো সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

বিশ্লেষকদের মতে, ম্যাখোঁর এই মন্তব্য কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়ার পাশাপাশি সামরিক উত্তেজনা কমানোর আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/